প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:৩৬ AM

সংগৃহীত ছবি
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মেয়েকে খুঁজতে গিয়ে প্রাণ হারিয়েছেন রজনী খাতুন নামে এক মা।
ঘটনার সময় তিনি স্কুল ভবনের ভেতরে ঢুকে পড়েন মেয়েকে উদ্ধারের জন্য। তবে মেয়ে ঝুমঝুম খাতুন আগেই অন্যদের সহায়তায় নিরাপদে বাইরে বের হয়ে আসে। কিন্তু ভিতরে আটকা পড়ে যান রজনী খাতুন। আগুনের লেলিহান শিখায় দগ্ধ হন তিনি।
তাঁকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানেই রাতেই বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রজনী খাতুনের বাড়ি মেহেরপুর জেলার গাংনীর বাওট ইউনিয়নে। তিনি স্থানীয় বিএনপির সভাপতি আবদুল হামিদের মেয়ে। তাঁর স্বামী জহিরুল ইসলাম ঢাকায় চাকরি করেন। দম্পতি রাজধানীর উত্তরায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
তাদের একমাত্র মেয়ে ঝুমঝুম খাতুন (১২) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণিতে পড়ে। সোমবার নিয়মিত দিনের মতো মেয়েকে আনতে স্কুলে গিয়েছিলেন রজনী খাতুন। এ সময় একটি প্রশিক্ষণ বিমান স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয় এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
রজনীর ভাই আশিক জানান, দুর্ঘটনার পর পরই তাঁকে সিএমএইচে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। মঙ্গলবার ভোরে তাঁর মরদেহ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সাদিপুর গ্রামে নেওয়া হয় এবং সেখানে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এই দুর্ঘটনায় মা হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে ছোট্ট ঝুমঝুম। এক মর্মান্তিক ঘটনা তার জীবনে চিরস্থায়ী এক দুঃখ হয়ে রইল।