প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ AM

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪২টি মামলা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, বিস্ফোরিত ককটেলের টুকরা ও পেরেকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ৫৬ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মিরপুর বিভাগে ১৭৫ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে তিনজন রয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৯ কেজি গাঁজা, ৬ হাজার ২২০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, দুই বোতল বিদেশি মদ, বিস্ফোরিত ককটেলের টুকরা ও পেরেক উদ্ধার করা হয়।
এ ছাড়া অভিযানে ১৪টি মোবাইল ফোন, নগদ ১৬ হাজার ২৮০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
স্বদেশ প্রতিদিন/এস পি