প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৯:০৭ পিএম

প্রতীকী ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে জমির আইল থেকে ফিরোজ মিয়া (৪৮) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের মাটিয়াগাড়া এলাকায় হাইল ধান চাষ করা জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ফিরোজ মিয়া তরফপুর গ্রামের মাটিয়াঘাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে বলে জানা গেছে। তিনি ৪ মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা ফিরোজের লাশ বাড়ির পাশের (আঞ্চলিক ভাষা ব্যাদ) বা ধানী জমির আইলের উপর পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে সকাল ১০টার দিকে থানা পুলিশ গিয়ে ফিরোজের লাশ উদ্ধার করে। নিহত ফিরোজের মাথায় রক্তাক্ত জখম রয়েছে। ধারণা করা হচ্ছে সোমবার রাতের কোন এক সময় তাকে খুন করে জমির আইলের উপর ফেলে রাখে। তবে কে বা কারা এই খুন করেছে তা এখনো জানতে পারেনি পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ফিরোজ মিয়ার সঙ্গে ওই এলাকার আরেক প্রবাসীর স্ত্রীর ৩ সন্তানের জননীর সাথে তার পরকীয়া সর্ম্পক রয়েছে। ওই পরকীয়ার জেরে সে খুন হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রবাসী খুনের রহস্য উদঘাটনের কাজ করছে পুলিশ। মামলা প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
স্বদেশ প্রতিদিন/এনআর