প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭:১২ পিএম আপডেট: ২২.০৭.২০২৫ ৭:৪০ PM

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, পতিত স্বৈরাচার ও তার দোসররা দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত।
মঙ্গলবার (২২ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
নুর বলেন, “পতিত স্বৈরাচার ও তার দোসররা বিভিন্ন ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনে পৃষ্ঠপোষকতা দিয়ে সহিংসতা ছড়িয়ে দিতে চায়। এভাবে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। সবাইকে এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও লেখেন, “যৌক্তিক ইস্যুতে নিয়মতান্ত্রিক প্রতিবাদ ও আন্দোলন হওয়া স্বাভাবিক। তবে কোনো ঘটনার অতিরিক্ত বা অতিরঞ্জিত ব্যাখ্যায় না গিয়ে সচেতন থাকতে হবে। কারণ পতিত ফ্যাসিবাদ আবার ফিরে আসার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে।”
নুর দাবি করেন, এসব চক্রের কাছে ১৬ বছরের লুটপাটের বিপুল অর্থ ও দেশি-বিদেশি সহযোগিতা রয়েছে, যার মাধ্যমে তারা নতুন করে ষড়যন্ত্র চালাচ্ছে।
পোস্টের শেষে তিনি সবার জন্য দোয়া চেয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের সবাইকে বিপদ-আপদ থেকে হেফাজত করুন, বাংলাদেশের ওপর আপনার খাস রহমত নাজিল করুন।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ