মাদারীপুরের কালকিনি উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে লাল গালিচা সংবর্ধনা প্রত্যাখ্যান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীন।
আজ সোমবার (২১ জুলাই) সকালে কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমি হলরুমে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। শিক্ষার্থীদের রোদের মধ্যে দাঁড় করিয়ে এমন আয়োজন করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং নেননি সেই সংবর্ধনা।
এ বিষয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে আমাকে কেন্দ্র করে লাল গালিচা সংবর্ধনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আমি তা প্রত্যাখ্যান করেছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, মাদারীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদ হোসেন, ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, “আমরা অনুষ্ঠান আয়োজন করেছি ঠিকই, তবে লাল গালিচার বিষয়টি আমাদের জানা ছিল না। এটি বিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগ।”
সৈয়দ আবুল হোসেন একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী মিয়া জানান, “আমাদের স্কুলে আগে থেকেই এ ধরনের আয়োজন হয়ে আসছিল, তাই এবারও করেছি।”
অনুষ্ঠানে ইউএনওর এই অবস্থান শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।