প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৮:১৭ পিএম আপডেট: ২১.০৭.২০২৫ ৮:২৭ PM

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজনে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, “আজ আমাদের জাতীয় জীবনে এক গভীর শোকের দিন। এমন মর্মান্তিক ঘটনা এর আগে ঘটেছে কি না, জানা নেই। এ দুর্ঘটনায় জাতি বাকরুদ্ধ, শোকাহত। আহতদের চিকিৎসার জন্য দেশের ভেতরে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে।”
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। এ ছাড়া আগামীকাল (২২ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হবে বলেও জানান উপদেষ্টা।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সাইদুর রহমান বলেন, “এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন এবং প্রায় ১৫০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বার্ন ইনস্টিটিউটে ৪৩ জনকে ভর্তি করা হয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত ১৭১ জন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ