প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৭:৪৯ পিএম আপডেট: ২০.০৭.২০২৫ ১০:১৯ PM

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিশেষ অভিযানে ৩ টি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একইসঙ্গে কারখানাগুলোর অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
রবিবার (২০ জুলাই) উপজেলার বাউশিয়া ইউনিয়নের ফরাজীকান্দি, পশ্চিম কান্দি এবং ভাটেরচর নতুন রাস্তা সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা এবং ভিপি সেল) ওমর শরীফ ফাহাদ।
অভিযান শেষে তিনি বলেন, ‘গজারিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত হচ্ছে অনেক চুনা ও ঢালাই লোহা কারখানা। এসব তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করছি। আমাদের এই অভিযান চলমান থাকবে।’
তিতাস গ্যাস সোনারগাঁ-মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়ে যাচ্ছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী শাহ আলম রনি, উপসহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম এবং গজারিয়া থানা পুলিশের সদস্যরা, যারা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
স্বদেশ প্রতিদিন/এমএম