প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৬:৩৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদকে কটূক্তির প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
রবিবার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে প্রেস ক্লাব প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে, একটি বিশাল বিক্ষোভ মিছিল বান্দরবান শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড় হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এবং সদস্য সচিব ও সাবেক মেয়র জাবেদ রেজা।
জাবেদ রেজা বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদের মতো দেশপ্রেমিক ও গণতান্ত্রিক নেতার বিরুদ্ধে এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্য অত্যন্ত নিন্দনীয়। তার এই বক্তব্য রাষ্ট্রবিরোধী, এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার দাবি জানাই।’
প্রসঙ্গত, গত শনিবার কক্সবাজারে এনসিপির পদযাত্রায় পাবলিক লাইব্রেরি সংলগ্ন শহীদ দৌলত ময়দানে এক পথসভায় বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারী। তার ওই বক্তব্যে সারাদেশেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম