প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫:১০ পিএম

সাতক্ষীরা ল’ কলেজে অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনেছেন কয়েকজন আইনজীবী।
রবিবার (২০ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এ অভিযোগ করা হয়।
এসময় ভুক্তভোগী প্রার্থীরা অভিযোগ করেন, ১৯ জুলাই অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় আগেই নির্ধারিত নাম অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতা। প্রশ্ন ফাঁস, মার্কস ম্যানিপুলেশন ও আর্থিক লেনদেনের মাধ্যমে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠজনদের নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।
অভিযোগে আরও বলা হয়, কলেজের অধ্যক্ষ এড. রবিউল ইসলাম খান এসব অনিয়মের নেতৃত্ব দিয়েছেন। নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার স্বজন ও দলীয় নেতাকর্মী রয়েছেন।
আসামিপক্ষের আইনজীবীরা জানান, এই নিয়োগ বাতিল করে জাতীয় বিশ্ববিদ্যালয় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে স্বচ্ছ, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আইনজীবী এড. শেখ শাহরিয়ার হাসিব, এড. ফিরোজ আহমেদ, এড. আইয়ুব আলী, এড. সাইফুল ইসলাম সোহেলসহ একাধিক সিনিয়র ও তরুণ আইনজীবী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ এড. রবিউল ইসলাম খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ