প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪:৪৯ পিএম

মানিকগঞ্জের তরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকার ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনা চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
রবিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, লেগুনাটি মানিকগঞ্জ শহর থেকে বানিয়াজুরির দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাকে সজোরে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ