প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৫:৪৪ পিএম

দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত হলো নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল।
শুক্রবার (১৮ জুলাই) মান্দা শ্যামচাঁদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কাউন্সিলরদের ভোট ও ঐক্যমতের ভিত্তিতে নতুন কমিটি গঠিত হয়েছে।এতে উপজেলার ১৪টি ইউনিয়নের ৯৯৪ জন কাউন্সিলরের মধ্যে ৯৩০ জন ভোট দেন।
কাউন্সিলে এম. এ মতীন সভাপতি ও শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে শামসুল ইসলাম বাদল ৬৯৭ ভোট পেয়ে প্রথম এবং অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার ৬৩৩ ভোট পেয়ে দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
বিকেল ৪টায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
আব্দুস সালাম বলেন, "বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কারও কারণে দলের দুর্নাম হয় এমন কাজ করবেন না। যারা অন্যায়-অপকর্ম করছে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না। দল থেকে বহিষ্কার করা হচ্ছে।"
প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম এবং বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।
সম্মেলনে সভাপতিত্ব করেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক এ. কে. এম. নাজমুল হক নাজুূ। এসময় আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি এম. এ মতীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১২ সালে মান্দা উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ ও ২০২৩ সালে আহ্বায়ক কমিটি গঠন করা হলেও পূর্ণাঙ্গ কাউন্সিল অনুষ্ঠিত হয়নি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ