প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৯:০৪ পিএম

চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ের সিএনজি স্টেশনসংলগ্ন একটি নালায় অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে উঠেছে।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে স্থানীয়রা নালায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে খুলশী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে ছিল একটি গেঞ্জি ও লুঙ্গি। মরদেহটি উপুড় হয়ে নালার পানিতে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অথবা মাদকের কারণে মারা গিয়ে নালায় পড়ে যান। এছাড়া স্রোতের টানে মরদেহটি ওই স্থানে এসে আটকে থাকতে পারে বলেও ধারণা করছে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে কাজ চলছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হবে।”
ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ