প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৪:১৮ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন সদস্যসহ মোট ৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিএনজিচালিত অটোরিকশার যাত্রী জাহিদ, তার স্ত্রী ও ছেলে। নিহত জাহিদ বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দার বলে জানা গেছে। এ ছাড়া নিহত অন্য যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মান্নান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মাওনা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ৫ যাত্রী কালিয়াকৈরের উদ্দেশে রওনা দেন। তাদের বহনকারী অটোরিকশাটি ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী জাহিদ ও তার ছেলে নিহত হন। এ সময় জাহিদের স্ত্রী ও অন্য তিন যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ আশপাশের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জাহিদের স্ত্রীসহ দুজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে।’
তিনি বলেন, ‘নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছেন। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম