চাঁদপুর জেলা জজ আদালতে মামলার শুনানির সময় হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান এক আইনজীবী।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জেলা জজ আদালতে রিভিশন মামলার শুনানিকালে আব্দুল মান্নান খান (মহিন) নামক আইনজীবী হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। সেখান থেকে তাকে চাঁদপুর সরকারি জেনারেল নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মী আইনজীবীরা জানান, ঘটনার সময় পড়ে যাওয়ার সময় তিনি আদালতের বেঞ্চের সাথে ধাক্কা লেগে মাথায় রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক আদালতে থাকা অন্যান্য আইনজীবী ও আইনজীবী সহকারীরা চাঁদপুুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
জেলা আইনজীবী সমিতির নেতারা জানান, অসুস্থ অবস্থায় আব্দুল মান্নান খানকে হাসপাতালে নেয়া হলে হৃদরোগ বিভাগের চিকিৎসক মুনতাকিম হায়দার রুমি ও তত্ত্বাবধায়ক ড. একেএম মাহবুবুর রহমান সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর তাকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলাম সুমন মৃত ঘোষণা করেন।
চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর কুহিনূর বেগম বলেন, “আইনজীবী আব্দুল মান্নান আদালতে একটি রিভিশন মামলার এডমিশন শুনানি করছিলেন। শুনানি করা অবস্থায় তিনি মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান। সাথে সাথে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়।”
জানা গেছে, আব্দুল মান্নান খান ২০১০ সালে চাঁদপুুর আইনজীবী সমিতিতে যুক্ত হন। মৃত্যুর দিন পর্যন্ত আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন তিনি।