প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ২:৫৭ পিএম আপডেট: ১৫.০৭.২০২৫ ৩:১১ PM

পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ১৬টি নার্সারিতে প্রায় ৯০ হাজার ইউক্যালিপটাস চারা ধ্বংস করা হয়। এই অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মাজেদুল ইসলাম।
জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, “ইউক্যালিপটাস ও আকাশমনি এখন আর সরকারি উৎসাহের আওতায় নেই। কারণ এই গাছগুলো অতিরিক্ত পানি শোষণ করে এবং ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস করে, যা ভবিষ্যতে পরিবেশ ও মানবজীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই আমরা দেশীয় ও পরিবেশবান্ধব গাছ রোপণের পরামর্শ দিচ্ছি।”
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষা মানেই মানুষের জীবন রক্ষা। অতিরিক্ত পানি শোষণকারী গাছপালা ভূগর্ভস্থ পানির লেভেল কমিয়ে কৃষিকাজ ও প্রকৃতির ভারসাম্যে বিপর্যয় ঘটায়। তাই এ ধরনের গাছ ধ্বংসে কৃষি বিভাগের পাশে জনগণকেও এগিয়ে আসতে হবে।”
এর আগে পৌরসভা ও গড়েয়া ইউনিয়নের ছয়টি নার্সারিতে ৬১ হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংস করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম জানান, এই গাছগুলো দ্রুত বৃদ্ধি পেলেও মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলে।
উপজেলা কৃষি অফিস জানিয়েছে, পর্যায়ক্রমে সদর উপজেলার অন্যান্য ইউনিয়নেও এই ধরনের চারাগুলো ধ্বংস করা হবে।
মাঠপর্যায়ে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মুজাহিদ ও মসিউর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল খালেক, উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল ইসলাম ও পরিতোষ অধিকারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে