প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৪:১৪ পিএম আপডেট: ১৪.০৭.২০২৫ ৪:১৯ PM

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক তারেক শামস খান হিমুকে আজ সোমবার (১৪ জুলাই) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হিমু টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাবেক স্বতন্ত্র এমপি প্রার্থী ছিলেন। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ‘ঈগল’ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামে। তিনি মরহুম হুমায়ুন খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আমেরিকায় অবস্থান শেষে সোমবার ভোরে দেশে ফেরেন হিমু। বিমানবন্দরে পৌঁছেই ইমিগ্রেশন চেকপোস্টে তার নামের বিপরীতে গ্রেফতারি তথ্য উঠে আসে। ইমিগ্রেশন পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটকে রেখে নাগরপুর থানা পুলিশকে খবর দেয়। পরে থানার একটি টিম বিমানবন্দরে গিয়ে যাচাই-বাছাই শেষে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
হিমুর বিরুদ্ধে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। এতে তিনি ৩ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে চিহ্নিত। পরে আজ সকালে তাকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন,“সকল মামলায় দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতারে বাংলাদেশ পুলিশ কৌশল অবলম্বন করে। এরই ধারাবাহিকতায় আজ ভোরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক রেখে আমাদের খবর দিলে, আমরা দ্রুত বিমানবন্দরে গিয়ে হিমুর পরিচয় ও মামলা যাচাই করে নিশ্চিত হয়ে গ্রেফতার করি এবং সকালে আদালতে প্রেরণ করি।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে