প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১২:২৭ পিএম আপডেট: ১৩.০৭.২০২৫ ১২:৩০ PM

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নাম থাকবে না’
রোববার (১৩ জুলাই) সকালে সচিবালয়ে দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায়ের অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডকে দুটি বিভাগ করা হয়েছে। একটির নাম রাজস্ব নীতি বিভাগ এবং আরেকটির নাম রাজস্ব বাস্তবায়ন বিভাগ। দুইটি বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে একটি নীতিমালা করা হবে।’
তিনি আরও বলেন, ‘এনবিআরকে দুই বিভাগ করার ক্ষেত্রে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশে কিছু ত্রুটি রয়েছে। সেগুলো সংশোধনের সুপারিশ করা হবে। অধ্যাদেশে চতুরতার আশ্রয় নেয়া হয়েছে। তবে এনবিআর দুই বিভাগ করার বিষয়ে এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই।’
ফাওজুল কবির বলেন, ‘এনবিআর কর্মকর্তাদের আন্দোলন এক পর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে পরিণত করেছিল। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা ও রাজস্ব আদায় বাধাগ্রস্ত করাই আন্দোলনের উদ্দেশ্য ছিল।’
তিনি আরও বলেন ‘এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন। তাদের কর্ম তৎপরতার মাধ্যমেই সেই আস্থা ফিরিয়ে আনতে হবে।’
দেশের অর্থনীতি প্রত্যাশার জায়গায় না এলেও এখন গতিশীল হয়েছে বলে দাবি করেন ফাওজুল কবির।
স্বদেশ প্রতিদিন/এমএম