প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২:৩১ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদের বিরুদ্ধে মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণোদিতভাবে বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে চরঈশ্বর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি জাহেদ খানকে। একইসাথে তাঁকে দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় হাতিয়া উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. টুটুল উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, সম্প্রতি কয়েকটি সংবাদ মাধ্যমে ‘হাতিয়া ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে গাছ কেটে খাস জায়গা দখলের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘গত ৪ জুলাই কাজীর বাজারের দক্ষিণ-পূর্ব পাশে নিজের দলীয় লোকজন নিয়ে অন্তত ৩০ টি গাছ কেটে সরকারি খাস জায়গা দখল করেন রিয়াজ মাহমুদ। পরে সেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা চালানো হয়। বাজারমূল্যে এসব গাছের দাম প্রায় দেড় লাখ টাকা। তবে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) দখল উচ্ছেদ করলেও পরবর্তীতে আবারও সেখানে দোকান নির্মাণের অভিযোগ উঠে।’
প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের জন্য ছাত্রদলের উপজেলা নেতৃবৃন্দ প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্তে তেমন কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে জানা যায়, হাতিয়া ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে এ ধরণের অপপ্রচারে চরঈশ্বর তাঁতীদল সভাপতি জাহেদ খান জড়িত।
দলীয় নেতারা জানান, রাজনৈতিকভাবে রিয়াজ মাহমুদকে হেয় প্রতিপন্ন করতে জাহেদ পরিকল্পিতভাবে এই মিথ্যা প্রচারণা চালিয়েছেন।
এ বিষয়ে ছাত্রদল সদস্য সচিব রিয়াজ মাহমুদ বলেন, ‘গত ৩ জুলাই দুপুর ১২ টা থেকে আমি জেলা শহর মাইজদীতে অবস্থান করছি। হাতিয়ার বাইরে থাকা অবস্থায় কিভাবে এমন অভিযোগ আমার বিরুদ্ধে আসে? সংবাদে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি দুই মাস আগের, কাজীর বাজার পর্যটন এলাকার ছবি। এটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমি শীর্ষ নেতৃবৃন্দের কাছে প্রকৃত ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’
হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, ‘কাজীর বাজার এলাকায় গাছ কাটার কোনো অভিযোগ পাইনি। তবে সরকারি জায়গায় একটি পক্ষ টিনের ঘর তুলেছিলো, আমরা সেটি গত ৯ জুলাই উচ্ছেদ করেছি। কারা ঘর তুলেছে, তা স্পষ্টভাবে পাওয়া যায়নি। স্থানীয় অনেকেই এই ঘর নির্মাণে যুক্ত ছিলেন বলে জেনেছি।’
স্বদেশ প্রতিদিন/এমএম