
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনার ঝড়। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ব্যবসায়ীদের চাঁদাবাজদের কবল থেকে রক্ষা করার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১১ জুলাই) রাতে খুলনার শিববাড়ী মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, ‘গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম, এই ফ্যাসিবাদী ব্যবস্থা; যে ব্যবস্থা মাফিয়া তৈরি করে, যে ব্যবস্থা দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়, সন্ত্রাসীদের তৈরি করে, জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, পুলিশ বাহিনীকে খুনি বাহিনীতে রূপান্তর করে—সেই ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে। সেই ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন গনতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে। কিন্তু নানাভাবে ৫ আগস্ট থেকেই ষড়যন্ত্র হয়েছে এই ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে।’
তার ভাষ্য, আমরা দেখেছিলাম, ৫ আগস্ট কারা ক্যান্টনমেন্ট গিয়েছিল, অভ্যুত্থানের নেতাদের বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনা করেছিল। এই ছাত্রনেতৃত্ব অনেক চেষ্টা করেছে, এই সরকারকে, এই সময়ের রাজনীতিকে গণঅভ্যুত্থানের দিকে আনতে। নানা পক্ষ, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে থাকলেও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সঙ্গে নেই। তারা পুরোনো বন্দোবস্তের পক্ষে আছে, পুরোনো বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য সব কিছু করে যাচ্ছে।
ঢাকায় চাঁদাবাজি বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমরা দেখছি, কীভাবে ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীরা প্রতিদিন চাঁদাবাজদের হাতে নিপীড়িত হচ্ছেন। বড় বড় মাফিয়াদের পেছনে আজ রাজনৈতিক দলের সমর্থন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা সকল দেশপ্রেমিক ব্যবসায়ীদের পাশে আছি। ব্যবসা ও অর্থনীতিকে চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করাই হবে আমাদের পরবর্তী অঙ্গীকার। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। জনগণকে আবারও মাঠে নামতে হবে।’
ব্যবসায়ীদের নিয়ে নাহিদ বলেন, ‘বাংলাদেশের ব্যবসায়ীদের বলবো, আগের আমলে আমরা দেখেছি গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল। সেই মাফিয়াদেরকে এখন আবার একটি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আর অন্যদিকে আমাদের ক্ষুদ্র-মাঝারি, খেটে খাওয়া ব্যবসায়ীরা চাঁদাবাজদের অত্যাচারে বেহাল অবস্থায় রয়েছে। সব দেশপ্রেমিক ব্যবসায়ীদের আমরা রক্ষা করব। বাংলাদেশের ব্যবসায়ী ও অর্থনীতিকে আমরা চাঁদাবাজদের কবল থেকে রক্ষা করব।’
স্বদেশ প্রতিদিন/এমএম