প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৪:৪৫ পিএম

সংগৃহীত ছবি
বরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের অসুস্থতার খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
আজ শুক্রবার (১১ জুলাই) বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে মহাখালীর এ হাসপাতালে পাঠিয়ে তিনি ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খবর নেন। বেগম জিয়া অসুস্থ ফরিদা পারভীনের আশু আরোগ্য কামনা করেন।
এর আগে গত ৯ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ শিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। তিনি সেখান থেকেই সরকারের আইন ও সংস্কৃতি দুই উপদেষ্টার সঙ্গে মোবাইল ফোনে কথা বলে শিল্পীর চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা ও সরকারের উদ্যোগ কামনা করেন।
উল্লেখ্য, ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পেয়েছেন। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।
১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত
গাইতে শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে
জনপ্রিয়তা অর্জন করেন তিনি।