প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১২:৪৯ AM

চট্টগ্রাম নগরীতে টানা অতি ভারী বর্ষণের মধ্যে নালায় পড়ে আবারও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর হালিশহর থানার আনন্দপুর এলাকায় একটি নালা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, মৃত শিশুটির নাম হুমায়রা আক্তার। বয়স তিন থেকে সাড়ে তিন বছর। তার বাবা আব্দুর রহমান ক্যাবল সংযোগ প্রতিষ্ঠানের লাইনম্যান হিসেবে কর্মরত আছেন। তাদের বাসা আনন্দপুর মসজিদের পাশে একটি কলোনিতে।
স্থানীয় বাসিন্দা মাহমুদুর রহমান শাওন বলেন, বুধবার বিকেল তিনটার দিকে শিশুটি বাইরে হাঁটতে আসে। এ সময় সড়কের পাশের উন্মুক্ত নালায় সে পড়ে যায়। প্রায় ৪৫ মিনিট পর শিশুটিকের উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশু স্বাস্থ্য বিভাগের কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মো. সেলিম জানান, শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার সময় খোলা একটি নালায় পড়ে যায়। নালার স্ল্যাবটি তোলা থাকায় ওপরে পানি জমে ছিল, ফলে নালাটি বোঝা যায়নি। অসাবধানতাবশত শিশুটি সেখানে পা রাখলে পানির স্রোতে ভেসে যায়।
তিনি আরও বলেন, শিশুটিকে নালায় পড়ে যেতে দেখে আশপাশের কয়েকজন উদ্ধারের চেষ্টা করলেও পারেননি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে আমাদের উদ্ধারকর্মীরা গিয়ে শিশুটিকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং তারা দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
প্রসঙ্গত, চট্টগ্রাম শহরে প্রায়ই খাল-নালায় পড়ে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ আহত হওয়া ও হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। কিছু ঘটনায় পরে মরদেহ উদ্ধার করা হয়।
এ বছরের ১৮ এপ্রিল রিকশা থেকে ছিটকে উন্মুক্ত নালায় পড়ে যায় দুই নারী ও তাদের সঙ্গে থাকা সেহরীস নামে ছয় মাস বয়সী এক শিশু। স্থানীয়দের সহায়তায় দুই নারীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। পানির স্রোতে শিশুটি তলিয়ে যায়। পরদিন চাক্তাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে ২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুর মোড়ে সবজি বিক্রেতা সালেহ আহমেদ বৃষ্টির মধ্যে নালায় পড়ে নিখোঁজ হন। দীর্ঘদিন উদ্ধার অভিযান চালানো হলেও তার মরদেহ আর পাওয়া যায়নি। একই বছরের ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদ এলাকায় হাঁটার সময় বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়া উন্মুক্ত নালায় পড়ে মারা যান।
২০২১ সালের ৭ ডিসেম্বর ষোলশহর এলাকায় নালায় পড়ে নিখোঁজ হয় শিশু কামাল। তিন দিন পর মুরাদপুর থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। ২০২৩ সালের ২৭ আগস্ট আগ্রাবাদ রঙ্গীপাড়ায় উন্মুক্ত নালায় পড়ে যায় ১৮ মাসের শিশু ইয়াছিন আরাফাত। ১৭ ঘণ্টার চেষ্টার পর উদ্ধার হয় তার মরদেহ।
স্বদেশ প্রতিদিন/এনআর