প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৮:০৫ AM

ইংলিশ ক্লাব চেলসি উঠে গেছে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে। সেমিফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে। চমক দেখিয়েছেন চেলসির নতুন স্ট্রাইকার জোয়াও পেদ্রো। প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই জোড়া গোল করেছেন তিনি।
বিশেষভাবে উল্লেখযোগ্য, ফ্লুমিনেন্সের হয়েই সিনিয়র ক্যারিয়ার শুরু করেছিলেন পেদ্রো। এবার পুরনো ক্লাবের বিপক্ষেই দুর্দান্ত পারফরম্যান্সে নিজের নতুন দলকে নিয়ে গেলেন ফাইনালে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম, নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। খেলার ১৮তম মিনিটে প্রথম গোল করে চেলসিকে এগিয়ে দেন পেদ্রো। এরপর দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে আরও একটি গোল করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান তিনি।
এদিকে, আরেক সেমিফাইনালে বুধবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের বিজয়ী দলই ফাইনালে চেলসির প্রতিপক্ষ হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম