প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৭:৫৫ পিএম আপডেট: ০৭.০৭.২০২৫ ৯:১২ PM

বিস্ফোরক মামলায় এলডিপির ৩৪ নেতাকর্মী খালাস দিয়েছেন আদালত।
চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার একটি বিস্ফোরক মামলায় এলডিপির ৩৪ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।
আজ সোমবার (৭ জুলাই) বিজ্ঞ ৪র্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোজিনা খান এ আদেশ দেন।
মামলায় আসামিদের মধ্যে ছিলেন, চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র মো. আইয়ুব কুতুবী, উপজেলা এলডিপির সভাপতি মো. মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ আকতারুল আলম, পৌর এলডিপির সভাপতি আইনুল কবির, গিয়াস উদ্দিন চৌধুরী, মহিউদ্দিন, মোজাম্মেল হক, মোখলেসুর রহমান, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, আইয়ুব মেম্বার, শামসুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবদুল মাবুদ, আবদুল মোনাফ, নাজিম উদ্দিন, নুরুল ইসলাম ভুট্টো, মো. মারুফ, মাসুদ পারভেজ রিগানসহ আরো অনেকে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ ডিসেম্বর রাজনৈতিক হয়রানিমূলক উদ্দেশ্যে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ৩৪ জনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। পরে বিচার কার্যক্রমের জন্য চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়।
দীর্ঘ সাত বছর ধরে চলা বিচারিক কার্যক্রম শেষে আদালত রায়ে উল্লেখ করেন, রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। ফলে ৩৪ নেতাকর্মীকে বেকসুর খালাস দেওয়া হয়।
এ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন এলডিপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, লিবারেল ডেমোক্রেটিক ল’ইয়ার্স ফ্রন্টের সাধারণ সম্পাদক এবং জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহাদৎ হোসেন।