নেত্রকোণা জেলা আ. লীগের সহ-সভাপতি টঙ্গী থেকে গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৯:২৯ AM

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকা থেকে নেত্রকোণা সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।
পুলিশ জানায়, প্রশান্ত রায়ের বিরুদ্ধে ৭ থেকে ৮টি নাশকতার মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে সরকারের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন হিসেবে চিহ্নিত হওয়া আওয়ামী লীগের একাধিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ‘গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর তাকে নেত্রকোণায় আনা হচ্ছে এবং সোমবার তাকে আদালতে তোলা হবে।’
উল্লেখ্য, গত ২০ জুন নেত্রকোণায় নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল ও সমাবেশ হয়। এতে অংশগ্রহণ করেন ৮-১০ জন দলীয় নেতাকর্মী।
ঐদিন সকালের কোনো এক সময় ছোট বাজারে ভাঙচুর হওয়া দলীয় কার্যালয়ের সামনে তারা এই সমাবেশ করেন। সমাবেশের এরকম একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই সমাবেশের পর তার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী।
স্বদেশ প্রতিদিন/এমএম