প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১১:৫২ পিএম

মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ দিন হলো ১০ মহররম বা আশুরার দিন। সওয়াবের আশায় অনেকেই এদিন রোজা রেখে থাকেন। এবার, ঢাকা বিশ্ববিদ্যালয়েও (ঢাবি) দেখা গেছে একই চিত্র।
ঢাবির বেশ কয়েকটি হলে উৎসবমুখর পরিবেশে রোজা রেখে পালিত হয়েছে পবিত্র আশুরা। বিগত সময়ে ঢাবিতে এরূপ দৃশ্য দেখেনি কেউ। ৫ আগষ্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাবিতে দেখা গেল এমন চিত্র।
ঢাবির সার্জেন্ট জহুরুল হক হল, কবি জসিমউদদীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, হাজী মুহম্মদ মোহসীন হল, স্যার এ এফ রহমান হলসহ বেশ কয়েকটি হলে বিভিন্ন ইসলামিক ক্লাব ও শিক্ষার্থীদের উদ্যোগে রোজার ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, বিভিন্ন হল প্রশাসন ও ছাত্রসংগঠনের সার্বিক সহায়তায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
এ প্রসঙ্গে কবি জসিমউদদীন হলের ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাবের পরিচালক সাইফুদ্দিন বিন মোজাফফর বলেন, ঢাবি শিক্ষার্থীদের অনেকেরই বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করার ইচ্ছা থাকলেও তেমন কোন প্ল্যাটফর্ম না থাকায় তারা সুযোগ পাচ্ছিলেন না। এজন্য আমরা ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাবের অধীনে নফল রোজাসহ বেশ কিছু ইবাদতের সুযোগ করে দিচ্ছি।
তিনি আরও বলেন, আমরা এর আগেও শবে বরাতের রোজার জন্য সেহেরির আয়োজন করেছিলাম। তখনও শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিষয়ে ঢাবি শিক্ষার্থী তারেক আহমেদ বলেন, আমি কখনো চিন্তা করি নাই যে, ঢাবিতে আসার পরে এভাবে উৎসবমুখর পরিবেশে রোজা রাখতে পারবো। এটা খুবই দারুণ অভিজ্ঞতা। আমারা চাই এমন কার্যক্রম অব্যাহত থাকুক।
স্বদেশ প্রতিদিন/এনআর