প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১২:৪৮ AM আপডেট: ০৬.০৭.২০২৫ ১২:৫৮ এএম

সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে ফ্যাসিবাদী প্রবণতা রুখতে এবং সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির কোনো বিকল্প নেই।
শনিবার (৫ জুলাই) বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটায় না। গণতান্ত্রিক কাঠামোকে সুসংহত করতে হলে নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তন করতে হবে। তা না হলে ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে।"
এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। সেইসঙ্গে পরবর্তী সব নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের দাবি জানান।
ফেনী জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমির মুফতি মাওলানা আবদুল হান্নান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ ডা. আবদুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম এবং মোহাম্মদ শাহজাহান।
এছাড়া বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত ফেনী-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী, ফেনী-১ আসনের সম্ভাব্য প্রার্থী এস এম কামাল উদ্দিন এবং ফেনী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
সম্মেলনে দলের সাংগঠনিক কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর