প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ২:২৮ পিএম

রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে ধরতে নগরীর পদ্মা পারিজাত এলাকায় একটি ভবন ঘেরাও করেছিলেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বুধবার (২ জুলাই) দুপুরে তারা বহুতল ওই অ্যাপার্টমেন্টটি ঘিরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও। শুরু হয় তল্লাশি। তবে অভিযানের একপর্যায়ে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকোর সঙ্গে ফোনে যোগাযোগ করেন তৌরিদ আল মাসুদ রনি।
ফোনে রনি বলেন, ‘ডিকো ভাই, আপনারা এত কষ্ট করছেন, আমি আপনাদের থেকে অনেক দূরে আছি। আমাকে খুঁজে লাভ হবে না। সময়মতো আমি নিজেই ধরা দেব।’
এরপর দুই নেতার মধ্যে আরও কিছুক্ষণ কথোপকথন হয়। এরপর অভিযানে অংশ নেওয়া নেতাকর্মীরা সরে যান, এবং অভিযান স্থগিত করা হয়।
ঘটনার পর সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকার পতনের তিন-চার মাস পরই তিনি দেশত্যাগ করেছেন।
তিনি বলেন, ‘এই নেতারা এতদিন কোনোদিন সামনে আসার সাহস দেখাননি। এখন পরিস্থিতি বদলেছে দেখে অযথাই একটি বাড়ি ঘেরাও করে আলোচনায় আসতে চাইছে।’
এদিকে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার জানান, এইমাত্র সে আমাকে ফোন করেছিল। তার কণ্ঠে হতাশা ছিল। বুঝতে পারলাম, অভিযানে আমরা ঠিক জায়গাতেই পৌঁছেছিলাম।
তৌরিদ আল মাসুদ রনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন এবং অবস্থান গোপন রাখলেও জানিয়েছেন, উপযুক্ত সময়েই তিনি নিজ থেকে আত্মসমর্পণ করবেন।
স্বদেশ প্রতিদিন/এমএম