প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১০:৫৫ AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের দাবির মুখে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২ জুলাই) দিবাগত রাতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ আদেশ দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পটিয়ার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ ও শাস্তির দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৯ ঘণ্টা অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পটিয়ার ইন্দ্রপুল এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন সংগঠনের নেতাকর্মীরা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
একই দাবিতে উপমহাপুলিশ পরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ের সামনের চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়ক বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
মঙ্গলবার (১ জুলাই) পটিয়া থানায় রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ সভাপতি দীপঙ্কর দেকে ধরে নিয়ে যায় বৈছাআ ও এনসিপির নেতাকর্মীরা। তারা দীপঙ্করকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করতে বলেন। তখন পুলিশ দীপঙ্করের নাম-ঠিকানা যাচাই-বাছাই করে কোনো মামলা না থাকায় গ্রেপ্তারে অস্বীকৃতি জানায়। এ নিয়ে বাকবিতণ্ডার জেরে পটিয়া থানায় বিক্ষোভ করে বৈছাআ ও এনসিপির নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম