প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৩:২৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় সংঘটিত গণহত্যা ও ৬ জনের লাশ পোড়ানোর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। দাখিল করা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (০২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক এ অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনালে এ মামলায় ১১ জন আসামির নাম উল্লেখ করেছে প্রসিকিউশন।
আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ (রনি), ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, সাবেক উপপরিদর্শক আরাফাত উদ্দীন, সাবেক উপপরিদর্শক শেখ আবজালুল হক, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, সাবেক উপপরিদর্শক কামরুল হাসান ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার।
১১ আসামির মধ্যে ৮ জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এরমধ্যে আজ সাতজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউশন জানায়, নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেননি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম