প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৮:৩৩ পিএম

টলিউড অভিনেত্রী সুস্মিতা রায়কে ঘিরে ফের ডিভোর্সের গুঞ্জনে সরগরম নেটপাড়া। নিজের জন্মদিনে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত দেন তিনি। আর তাতেই জল্পনা শুরু-স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে কি তবে আইনি বিচ্ছেদের পথে হাঁটছেন এই জনপ্রিয় অভিনেত্রী?
যদিও সুস্মিতা বা সব্যসাচী কেউই সরাসরি বিচ্ছেদের কথা বলেননি, তবে তাদের দেওয়া যৌথ বিবৃতিতে সম্পর্কের পরিণতি সম্পর্কে অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে।
এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে সুস্মিতা বলেন, ‘এটা নিয়ে আসলে একদম আলোচনা করতে চাই না। সব্যসাচী এবং আমি দু’জনে মিলে যে পোস্ট করেছি, ওইটুকুই সকলকে বলতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমি কারও দিকে আঙুল তুলতে চাই না বা কোনো কাদা ছোড়াছুড়ি হোক, সেটাও চাই না। আমার কারও প্রতি কোনো অভিযোগ নেই। কাউকে দোষারোপ করব না। এটা সম্মিলিত একটা সিদ্ধান্ত। আমরা দু’জন এই সিদ্ধান্তকে সম্মান জানাই।’
প্রসঙ্গত, টেলিভিশনের জনপ্রিয় মুখ সুস্মিতা রায় ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামার বৌদির চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেন। পরে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকেও তার অভিনয় প্রশংসিত হয়।
বর্তমানে ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায়ের মধ্য দিয়ে গেলেও, অনুরাগীরা আশা করছেন সুস্মিতা তার শক্ত মনোবল ও অভিনয়ের দক্ষতা দিয়ে আগামীতেও সবার মন জয় করে যাবেন।
স্বদেশ প্রতিদিন/এমএম