প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৪:০৯ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কেউ যদি টালবাহানা করে, তবে তারা আবারও রাজপথে নামবে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা করেন তিনি।
সকাল সাড়ে ১০ টায় কবর জিয়ারতের পর তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তনের জন্য। আমরা ক্ষমতার পরিবর্তন নয়, একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে আন্দোলন করেছি। নতুন বাংলাদেশ গড়তে হলে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘পহেলা জুলাই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলাম। আবু সাঈদসহ লক্ষ ছাত্র-জনতা এতে অংশ নেয়। ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলনটি গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং স্বৈরাচারী সরকারের পতন ঘটে।’
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক এক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ১ জুলাই শুরু হওয়া এ পদযাত্রা চলবে ৩০ জুলাই পর্যন্ত।
এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে যদি কেউ টালবাহানা করে, তবে আমরা ছাত্র-জনতাকে আবার রাজপথে নামার জন্য আহ্বান জানাবো।’
পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, মাসব্যাপী এই পদযাত্রায় দেশের বিভিন্ন স্থানে জনসভা, মানববন্ধন, গণসংলাপ, শোকানুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম