প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৫:২৬ পিএম আপডেট: ৩০.০৬.২০২৫ ৫:২৯ PM

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার করা এবং বন্দরের কার্যক্রম চালু হওয়ায় সন্তুষ্ট হয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আন্দোলনকারীদের বলব আপনারা ভালো করে কাজ করেন। পক্ষপাতদুষ্ট হয়ে কাজ না করলে কারও কোনো সমস্যা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে মানুষের সেবা করলে সেখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়।’
সোমবার (৩০ জুন) বিকালে অর্থ বিভাগে উপদেষ্টার অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘জাতীয় স্বার্থে কখনও এমনটি করা উচিত না, মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু বন্দর বন্ধ করে দেওয়া সমর্থনযোগ্য নয়। এটি বন্ধ করে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য। এতে দেশের অনেক ক্ষতি হয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের হস্তক্ষেপে নয় দুদক স্বপ্রণোদিত হয়েই এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত বিষয়ে তারাই বলতে পারবেন। সরকার কোনো হস্তক্ষেপ করছে না।’
তিনি আরও উল্লেখ করেন, ‘এখন অনেকের বিরুদ্ধেই দুদক তদন্ত করছে। আন্দোলন যা হবার হয়েছে, এখন ভয় পক্ষপাত ছাড়া ঠিকভাবে কাজ করতে হবে সবাইকে। স্বচ্ছতা নিশ্চিত করে কাজ করতে হবে। স্বচ্ছতার সাথে কাজ করলে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।’
অবশেষে সব ধরনের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা।
গতকাল রবিবার (২৯ জুন) রাতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষথেকে জানানো হয়, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং দেশের আমদানি-রফতানি ও সরবরাহব্যবস্থা সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে।’
উল্লেখ্য, এনবিআরে সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত ১২ মের পর থেকে আন্দোলন করে আসছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। ফলে সরকারের হয়ে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে এক ধরনের অচলাবস্থা শুরু হয়। এতে সেবায় বিঘ্ন ঘটে।
স্বদেশ প্রতিদিন/এমএম