প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১১:১৯ AM আপডেট: ২৬.০৬.২০২৫ ৫:৫২ PM

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামীর সঙ্গে তালাক হওয়ার মাত্র দুই ঘণ্টা পর পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন এক নারী।
বুধবার (২৫ জুন) উপজেলার দক্ষিণ হিরন গ্রামে এ ঘটনাটি ঘটলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে দক্ষিণ হিরন গ্রামের খায়রুল মোল্লার সঙ্গে পার্শ্ববর্তী চিতশী গ্রামের জেসমিন বেগমের (২৫) বিয়ে হয়। দেড় বছর আগে তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়।
জীবিকার প্রয়োজনে খায়রুল মোল্লা প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। এ সুযোগে জেসমিন বেগমের সঙ্গে একই গ্রামের হাসিব শেখের (২৫) পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
গত মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাতে হাসিব শেখ গোপনে জেসমিনের ঘরে প্রবেশ করলে তাদের অনৈতিক সম্পর্ক ধরা পড়ে। বাড়ির লোকজন দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখে।
পরদিন বুধবার (২৫ জুন) বিকেলে স্থানীয় সালিস বৈঠকে খায়রুল মোল্লাকে স্ত্রীকে তালাক দিতে বাধ্য করা হয়। তালাকের মাত্র দুই ঘণ্টা পর দক্ষিণ হিরন ঘাঘর বাজার এলাকায় ৪ লাখ টাকা দেনমোহরে হাসিব শেখ ও জেসমিন বেগমের বিয়ে হয়।
বিয়ের পর তারা জানান, এখন তারা একসঙ্গে থাকতে পেরে খুশি।
তবে বিষয়টিকে শরিয়ত ও আইনের দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুপ্রিম কোর্টের আইনজীবী খান চমন-ই-এলাহী বলেন, “তালাকের পর ইদ্দতকাল না মেনে এভাবে তাৎক্ষণিক বিয়ে শরিয়ত ও আইনসম্মত নয়। যারা এ ধরনের সালিস করে অবৈধ কার্যক্রমে সহযোগিতা করেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম