প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৮:৫৩ AM আপডেট: ২৫.০৬.২০২৫ ৯:২৭ এএম

সংগৃহীত ছবি
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য সুগা অটিজমে আক্রান্ত শিশু-কিশোরদের সহায়তায় এগিয়ে এসেছেন। তিনি সিউলের সেভেরান্স হাসপাতালে একটি বিশেষ চিকিৎসাকেন্দ্র নির্মাণের জন্য ৫০০ কোটি কোরিয়ান ওন দান করেছেন। এই কেন্দ্রটি গায়কের প্রকৃত নাম অনুসারে ‘মিন ইউং-গি’ নামে চালু হবে।
সেভেরান্স হাসপাতাল জানিয়েছে, কেন্দ্রটি আগামী সেপ্টেম্বর মাসে উদ্বোধন করা হবে। সেখানে অটিজমে আক্রান্ত শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। চিকিৎসার পাশাপাশি সংগীতচর্চার সুযোগও থাকবে, যাতে তারা তাদের দক্ষতা বাড়াতে পারে।
সুগা নিজেও জানিয়েছেন, গত সাত মাস ধরে এই প্রকল্পের প্রস্তুতি চলছিল। তিনি বলেন, “আমি কৃতজ্ঞ যে, এমন একটি কাজে যুক্ত হতে পেরেছি যা মানুষের সঙ্গে ইতিবাচক সংযোগ তৈরি করে। সংগীতের মতো গুরুত্বপূর্ণ একটি মাধ্যমের সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবার সমন্বয় খুবই গর্বের বিষয়।”
বিখ্যাত র্যাপার ও গীতিকার সুগা এর আগেও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক নানা কার্যক্রমে অংশ নিয়েছেন।
সম্প্রতি বাধ্যতামূলক ১৮ মাসের সামরিক প্রশিক্ষণ শেষে ফিরেছেন সুগা। কাঁধে আঘাতজনিত সমস্যার কারণে তিনি সেনাবাহিনীতে যোগ না দিয়ে ‘সোশ্যাল সার্ভিস এজেন্ট’ হিসেবে বিকল্প সামরিক দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে দলের বাকি ছয় সদস্য—আরএম, জিন, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুকও সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১৫ অক্টোবর ‘ইয়েট টু কাম’ কনসার্টে সর্বশেষ একসঙ্গে পারফর্ম করেছিলেন বিটিএস সদস্যরা। সামরিক দায়িত্ব শেষে ফেরার পর আবারও পুরো দল একত্রিত হচ্ছে। ভক্তদের আশা, শিগগিরই তারা নতুন গান ও কনসার্ট নিয়ে ফিরবেন মঞ্চে।