প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:৩২ পিএম

সংগৃহীত ছবি
সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল বাবা হতে চলেছেন। মঙ্গলবার (২৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন শুনানিতে অংশ নিতে এসে কাঠগড়ায় দাঁড়ানো নোবেলকে এ সুখবর দেন তার আইনজীবী মো. খলিলুর রহমান।
আইনজীবী জানান, নোবেল ও তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া একসঙ্গে বসবাস করছিলেন গত বছর থেকেই। তবে তখন তাদের বিয়ে রেজিস্ট্রির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। সেই অনির্ধারিত সম্পর্ক এবং কিছু ভুল বোঝাবুঝি থেকেই নারী নির্যাতন ও পর্নোগ্রাফির মামলা হয়, যার ভিত্তিতে গত ২০ মে থেকে নোবেল কারাবন্দি ছিলেন।
মামলার শুনানিতে বিচারক ১৮ জুন জামিনের শর্ত হিসেবে বাদীকে বিয়ের নির্দেশ দেন। সেই অনুযায়ী ১৯ জুন কারাফটকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন নোবেল ও প্রিয়া।
এর পাঁচদিন পর আদালতে হাজির হয়ে আইনজীবী জানান, নোবেল-প্রিয়া দম্পতি বাবা-মা হতে চলেছেন। খবরটি জানার পর কাঠগড়ায় থাকা নোবেলের মুখে হাসি ফুটে ওঠে।
এই দিন ডেমরা থানার মামলায় এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব। বাদী প্রিয়া জামিনে আপত্তি না জানানোয় আদালত এই আদেশ দেন।
আদালত চত্বরে দেখা যায়, সদ্য বিবাহিত এই দম্পতির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ফিরে এসেছে। প্রিয়া হাসিমুখে আদালতে প্রবেশ করেন এবং কাঠগড়ায় থাকা নোবেলের পাশে গিয়ে কিছুক্ষণ কথা বলেন। এরপর নোবেলকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় সারাক্ষণ প্রিয়ার হাত ধরে ছিলেন তিনি।
কারা সূত্রে জানা গেছে, নোবেল-প্রিয়া দম্পতির বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। বিয়ের সময় উভয় পরিবারের সদস্যসহ আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
অভিযোগপত্র অনুযায়ী, মামলার বাদী নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন নোবেল। বর্তমানে সেই মামলায় জামিনে মুক্তি পেতে যাচ্ছেন তিনি।
ঘটনার নাটকীয় মোড় এবং আদালতের নির্দেশে বিয়ে—সব মিলিয়ে নোবেলকে ঘিরে আবারও আলোচনার ঝড় উঠেছে শোবিজ অঙ্গনে।
স্বদেশ প্রতিদিন/এনআর