প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৮:৪২ পিএম

চীন-বাংলাদেশ মৈত্রীর প্রতীক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয়টি ছাত্রী হল ও নিবাসে সাতটি এলইডি টেলিভিশন প্রদান করেছে ঢাকায় চীনা দূতাবাস।
রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাঁর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের কাছে টেলিভিশনগুলো হস্তান্তর করেন।
যেসব হলে দেওয়া হয়েছে টেলিভিশন
এলইডি টিভিগুলো দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের:রোকেয়া হল, শামসুন নাহার হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, কবি সুফিয়া কামাল হল, নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রীনিবাস, এবং স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হল-এ।
অনুষ্ঠানে এসব হলের প্রভোস্ট ছাড়াও উপস্থিত ছিলেন: সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, এবং ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই।
অনুষ্ঠানে উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, “চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব বহু পুরনো এবং তা দিনদিন আরও দৃঢ় হচ্ছে। দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত সফর ও বিনিময় এই সম্পর্ককে গভীরতর করেছে।”
তিনি আরও জানান, “গত এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। তাঁদের প্রয়োজন বিবেচনায় ইন্টারন্যাশনাল হলে আলাদা একটি ব্লক নির্মাণ করা হয়েছে। সম্প্রতি ইউনান প্রদেশের গর্ভনর ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেন এবং সিনেট ভবনে একটি শিক্ষা প্রদর্শনীর আয়োজন করেন।”
তিনি আরও বলেন, “চীন সরকারের অর্থায়নে ২৪৪ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ছাত্রী হল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এলইডি টিভি সরবরাহ এই সহযোগিতারই অংশ, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি।”
স্বদেশ প্রতিদিন/কেএইচ