প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৭:০৭ পিএম

সাতক্ষীরার কুশখালী ও কৈখালী সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২১ জুন) বিকেল ও সন্ধ্যায় পৃথক দুটি পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের প্রেস উইং কর্মকর্তা মিলন হোসেন জানান, কুশখালী সীমান্ত দিয়ে ফিরিয়ে দেওয়া ১৪ জনের বাড়ি ঢাকা, সাতক্ষীরা, খুলনা, গাজীপুর ও গোপালগঞ্জে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, বিএসএফ তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করেছে।
বিজিবি পরে রাতে তাঁদের সাতক্ষীরা সদর ও শ্যামনগর থানায় হস্তান্তর করে। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, রাত ৯টার দিকে তাঁদের থানায় আনা হয়। তাঁদের পরিচয় যাচাই করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। প্রক্রিয়া শেষে স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হবে।
এদিকে, কৈখালী সীমান্ত দিয়ে ফিরিয়ে দেওয়া চারজন হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে মো. নুর আলম (৩৬), তাঁর স্ত্রী আয়েশা খাতুন (২৬) এবং তাঁদের দুই কন্যা লাবিবা খাতুন (৬) ও লামিয়া খাতুন (১৬ মাস)।
নুর আলম জানান, আড়াই বছর আগে স্ত্রী-সন্তানসহ পাসপোর্টে করে ভারতের কেরালায় চিকিৎসা নিতে যান। চিকিৎসা দীর্ঘ হওয়ায় তাঁরা সেখানে থেকে যান। একপর্যায়ে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তাঁদের অবস্থান অবৈধ হয়ে পড়ে। পরে অবৈধ পথে দেশে ফেরার চেষ্টা করলে সীমান্তে বিএসএফ তাঁদের আটক করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির মোল্যা জানান, যাচাই-বাছাই শেষে তাঁদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ