প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৬:২১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরে ডুবে হোসেন আহামেদ ওমর (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর স্থানীয় খায়রুল আলমের ছেলে।
নিহতের পরিবার জানায়, সকাল থেকে ওমর খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরে তার নিথর দেহ ভেসে ওঠে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারাও।
এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন নবীনগরের স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
স্বদেশ প্রতিদিন/কেএইচ