প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ২:৩৮ পিএম

সংগৃহীত ছবি
যুক্তরাজ্যে ও চীনে ১০ জন নারীকে মাদক সেবন ও ধর্ষণের দায়ে এক পিএইচডি শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত।
গত বৃহস্পতিবার (১০ জুন) দেয়া এই রায়ে অন্তত ২৪ বছর কারাভোগ না করা পর্যন্ত তিনি মুক্তি পাবেন না। জানা যায় এই পিএইচডি শিক্ষার্থীর নাম ঝেনহাও ঝোউ এবং তিনি চীনের নাগরিক।
মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, “২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের মে মাসের মধ্যে ঝোউ লন্ডনে তিনজন ও চীনে আরও সাত নারীকে মাদক খাইয়ে ধর্ষণ করেন।”
প্রসঙ্গত, দক্ষিণ লন্ডনে বসবাসকারী ২৮ বছর বয়সি ঝেনহাও অনলাইন প্ল্যাটফর্ম এবং ডেটিং অ্যাপ ব্যবহার করে নারীদের সঙ্গে দেখা করতেন। পরে মদ্যপান বা পড়াশোনার কথা বলে বাড়িতে ডেকে মাদক সেবন করাতেন। এরপর তিনি অজ্ঞান অবস্থায় নারীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের ভিডিও ধারণ করতেন।
প্রসিকিউটররা বলছেন, এই ১০ জনের মধ্যে মাত্র তিনজনকে শনাক্ত করা গেছে। পুলিশ আশঙ্কা করছে, আরও বহু নারী তার শিকার হতে পারেন। মামলার রায় ঘোষণার পর এরইমধ্যে ২৪ জন নারী পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন।
উল্লেখ্য, চীনের গুয়াংডং প্রদেশের ডংগুয়ানের বাসিন্দা ঝেনহাও ২০১৭ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। ২০১৯ সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে পিএইচডি করার জন্য পড়াশোনা শুরু করেছিলেন বলে জানা গেছে।
এদিকে ইনার লন্ডন ক্রাউন কোর্টে রায় ঘোষণার সময় বিচারক রোসিনা কটেজ কেসি বলেন, “আপনি একজন অত্যন্ত মেধাবী ও চতুর যুবক। কিন্তু আপনার ভদ্র ও আকর্ষণীয় মুখোশের আড়ালে লুকিয়ে রয়েছে এক ভয়ংকর যৌন শিকারি। আপনি পরিকল্পিতভাবে ধর্ষণের অভিযান চালিয়েছেন।”
বিচারক আরো বলেন, “ভুক্তভোগীদের আপনার ভোগের বস্তু হিসেবে ব্যবহার করেছেন। তাদের প্রতি আপনার আচরণ ছিল নির্মম। এই নির্যাতন তাদের জীবনে দীর্ঘস্থায়ী ও ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে।’’
বিচারক জানান, ঝোউ নারীদের ওপর ক্ষমতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যৌন আগ্রহ পোষণ করতেন এবং ভুক্তভোগীরা তার কাছে ছিল একটি জটিল খেলার অংশ, যেখানে সম্মতির কোনো মূল্য ছিল না।