ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় “জুলাই ঐক্যের” তীব্র নিন্দা
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ১১:৫৯ AM আপডেট: ২১.০৬.২০২৫ ১২:০৪ PM

বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশের বিনা উসকানিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে “জুলাই ঐক্য”।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, “জুলাই গণ-অভ্যুত্থানের প্রাণভোমরা হয়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এমন পুলিশি আক্রমণ একেবারেই অগ্রহণযোগ্য। জুলাই পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা কোনোমতেই কাম্য নয়।”
বিবৃতিতে আরও বলা হয়, এই হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্য ও তাদের নির্দেশদাতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের আলটিমেটাম
UIU কর্তৃপক্ষ কর্তৃক ২৫ জন শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় “নতুনবাজার ব্লকেড” কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে “জুলাই ঐক্য”। সংগঠনটি জানিয়েছে, “জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদেরকে টার্গেট করে এমন অন্যায় ও দমনমূলক সিদ্ধান্ত UIU কর্তৃপক্ষ নিয়েছে। এই সিদ্ধান্তের জন্য কর্তৃপক্ষকে সরকারের জবাবদিহিতার আওতায় আনতে হবে।”
বিবৃতিতে আরও বলা হয়, “শনিবার (২২ জুন) দুপুর ২টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হলে, শিক্ষার্থীদের সাথে একত্রে সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক যেকোনো পদক্ষেপের সঙ্গে থাকবে জুলাই ঐক্য।”
স্বদেশ প্রতিদিন/কেএইচ