প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১১:০৯ পিএম আপডেট: ২১.০৬.২০২৫ ১২:৫৮ এএম

ময়মনসিংহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন। শুক্রবার (২০ জুন) বিকেলে ও রাতে ফুলপুর ও তারাকান্দা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রা (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নিহত ও আহত সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়, এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, স্থানীয় থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ফুলপুরে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি নিজে ঘটনাস্থলের দিকে যাচ্ছেন বলে জানিয়েছেন।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা এলাকায় হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সরকারি অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। আহত হন আরও তিনজন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দেয় বিপরীতমুখী অ্যাম্বুলেন্সটি। এতে ঘটনাস্থলেই এক নারী (৩৫) ও এক যুবক মারা যান। পরবর্তীতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অটোরিকশার চালক।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান জানান, নিহতদের কারো পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহগুলো থানায় রাখা হয়েছে, পরিচয় শনাক্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই দুই মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের চিকিৎসা এবং ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এনআর