প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৫:৪৪ পিএম আপডেট: ২০.০৬.২০২৫ ৬:০৬ PM

মানুষের কঙ্কালসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী।
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে মানুষের কঙ্কালসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী।
আজ শুক্রবার (২০জুন) ভোর সকাল ছয়টার দিকে তিনটি স্কুলব্যাগ ভর্তি মানব কঙ্কালগুলো বিক্রির জন্য মাসুদসহ দুইজন ঢাকা যাচ্ছিলেন। উপজেলার সিডস্টোর বাজার এলাকা থেকে শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে মো. মাসুদ রানা (২২) কে আটক করে তিনজন মানুষের কঙ্কাল জব্দ করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, উপজেলার মেহরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় বাসে উঠার সময় যৌথবাহিনীর চেকপোস্ট তল্লাশি টিমের কাছে সন্দেহজনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ ও ব্যাগগুলো তল্লাশি করতে চাইলে তারা দৌড়ে পালাতে চায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় মেহরাবাড়ী বাজার থেকে মাসুদকে আটক করা হয় এবং অন্যজন পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি করে তিনজন মানুষের মাথার খুলিসহ মানব কঙ্কাল জব্দ করে করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়।
ভালুকা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার বলেন, “থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী (ভালুকা ক্যাম্প) চেকপোস্ট বসিয়ে মেহরাবাড়ী এলাকায় তল্লাশির সময় মানুষের কঙ্কালসহ মাসুদকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, “কঙ্কালগুলো বিক্রির জন্য মাসুদ ঢাকা যাচ্ছিলেন, সন্দেহজনক হওয়ায় যৌথবাহিনীর চেকপোস্টে তল্লাশি করার সময় দৌড়ে পালাতে চায়। পরে স্থানীয়দের সহযোগিতায় সিডস্টোর বাজার থেকে তাদেরকে আটক করা হয়েছে এবং আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”