ডিসেম্বরে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন: ডা. মোহাম্মদ তাহের
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৪:০৪ পিএম আপডেট: ২০.০৬.২০২৫ ৫:২২ PM

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘আমরা চাই ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচন হোক। এরপর ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হলেও আপত্তি নেই। এমনকি এপ্রিলে হলেও সমস্যা নেই।’
শুক্রবার (২০ জুন) সকাল ৮ টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. তাহের আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হতে হলে কেউ দুইবারের বেশি দায়িত্বে থাকতে পারবে না-এ প্রস্তাবে বিএনপি ছাড়া অধিকাংশ দল একমত হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে রোববারের বৈঠকে।’
তিনি উল্লেখ করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন সংক্রান্ত একটি প্রস্তাবও জামায়াত দিয়েছে। সেখানে বলা হয়েছে, সংবিধান সংশোধন, অনাস্থা বিল ও বাজেট ছাড়া অন্য যেকোনো বিষয়ে সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে মত দিতে পারবেন।
আত্মবিশ্বাসী ভাষায় তিনি বলেন, ‘৫ আগস্টের আগেও আমরা সভা করতে পারতাম না, পুলিশ আমাদের ধরে নিয়ে যেত। এখন পুলিশ আমাদের দেখে সেলুট দেয়।’
সমাবেশে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে দাড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য পদে জামায়াতের প্রার্থী হিসেবে মো. সাইফুল ইসলাম শহীদ-এর নাম ঘোষণা করা হয়। তিনি কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি এবং দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
এছাড়া পৌরসভার মেয়র পদে অধ্যাপক লোকমান হাকিম, সংরক্ষিত নারী কাউন্সিলরসহ ওয়ার্ড কাউন্সিলরদের নাম ঘোষণা করা হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান ও পৌর আমীর ফেরদৌস আহমেদ।
স্বদেশ প্রতিদিন/এমএম