প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৯:৫৬ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে টয়লেটের ভেতর পড়ে গিয়ে মনসুর রহমান (৬৫) নামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে। পরে টয়লেটের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ।
মনসুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
রামেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. আমিনুল ইসলাম কটন জানান, “সকালে রোগীর পরিবারের সদস্যরা তাকে টয়লেটে নিয়ে যান। আমরা সাধারণত করোনা রোগীদের টয়লেটের দরজা পুরোপুরি বন্ধ না করতে বলি। কিন্তু মনসুর রহমান দরজা লাগিয়ে দেন। কিছুক্ষণ পর তিনি পড়ে গেলে পরিবারের লোকজন ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। তবে তখনই তিনি মারা যান।”
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৯ জুন মনসুর রহমান রামেকের মেডিসিন বিভাগে ভর্তি হন। তার অসুস্থতার লক্ষণ দেখে নমুনা পরীক্ষা করা হলে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে ১৬ জুন তাকে হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন এবং নিয়মিত অক্সিজেন দেওয়া হচ্ছিল।
সম্প্রতি দেশে করোনাভাইরাসে সংক্রমণ আবারও বাড়ছে। সেই সঙ্গে হাসপাতালগুলোতেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা।
স্বদেশ প্রতিদিন/কেএইচ