প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৬:২৮ পিএম

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য দুপুর দেড়টার পর অতিরিক্ত শাটল বাস চালু ও মোট বাস সংখ্যা বাড়ানোর দাবিতে প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
পরিবহন পরিচালক বরাবর দেওয়া আবেদনে সংগঠনটি জানায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংখ্যা শিক্ষার্থীদের চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। বিশেষ করে দুপুর দেড়টার পর ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া বাসের সংখ্যা কম, ফলে অনেক শিক্ষার্থী বাস না পেয়ে দুর্ভোগে পড়েন। নিরাপত্তার বিষয়টিও এতে জড়িত।
আবেদনে আরও উল্লেখ করা হয়, যেসব শিক্ষার্থী দূরবর্তী এলাকা থেকে প্রতিদিন যাতায়াত করেন, তারা নিয়মিত এই সমস্যার মুখোমুখি হন। এতে অনেক সময় তারা বিকল্প পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করতে বাধ্য হন, যা ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল।
সংগঠনটির পক্ষ থেকে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে। তা হলো:
১. দুপুর ১:৩০ মিনিটের পরে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত বাসের সংখ্যা অন্তত দুইটি বাস বাড়ানো।
২. মোট বাস সংখ্যা শিক্ষার্থীদের সংখ্যার অনুপাতে বৃদ্ধি করা ও প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ।
৩. বাস পরিচালনায় একটি নির্দিষ্ট ও সময়ানুযায়ী পরিকল্পনা প্রণয়ন।
এ প্রসঙ্গে ছাত্র অধিকার পরিষদ জানায়, তারা সবসময় শিক্ষার্থীদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহানুভূতিশীল পদক্ষেপ কামনা করে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট একটি আলোচিত বিষয়।
স্বদেশ প্রতিদিন/কেএইচ