প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৮:০৭ পিএম আপডেট: ১৮.০৬.২০২৫ ৯:০৮ PM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় অবৈধভাবে স্থাপিত একটি চুনা তৈরির কারখানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে। বুধবার (১৮ জুন) সকাল থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলা অভিযানে কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে অবকাঠামো ভেঙে দেওয়া হয়।
তিতাস গ্যাস সোনারগাঁ-মেঘনাঘাট নিউ টাউন কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিত কুমার সাহা জানান, অভিযানে উচ্ছেদ করা চুনা ভাটার মালিক, জমির মালিক এবং ভাড়াটিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। তাকে সহযোগিতা করে গজারিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।
স্থানীয় ও তিতাস সূত্র জানায়, গজারিয়ার বাউশিয়া, ভবেরচর ও বালুয়াকান্দী ইউনিয়নে একাধিক অবৈধ চুনা ও ঢালাই লোহা তৈরির কারখানায় মাসে কোটি টাকার গ্যাস অপচয় হচ্ছে। এসব কারখানায় তিতাসের অবৈধ সংযোগ ব্যবহার করে দীর্ঘদিন ধরে উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিতাসের একাধিক সূত্র জানায়, গত দুই মাসে মধ্যমকান্দি, বাউশিয়া মানাবে ওয়াটার পার্ক এলাকা, বালুয়াকান্দি ইউনিয়নের মায়ামি রেস্টুরেন্টের বিপরীত পাশে এবং চরবাউশিয়ায় অবৈধ চুনা কারখানায় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন ও অবকাঠামো উচ্ছেদ করা হয়। কিন্তু কিছুদিন পরই কারখানাগুলো পুনরায় চালু করে সংশ্লিষ্ট সিন্ডিকেট।
এ বিষয়ে প্রকৌশলী সুরজিত কুমার সাহা বলেন, “যতদিন অবৈধ সংযোগ থাকবে, ততদিন তিতাসের অভিযান চলবে। যারা এর সাথে জড়িত, তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্বদেশ প্রতিদিন/কেএইচ