প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৮:২৯ AM

ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। তবে ইসরায়েল বাইরের কোনো দেশের মধ্যস্থতায় আগ্রহ দেখাচ্ছে না।
মঙ্গলবার (১৭ জুন) ক্রেমলিনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন মুখপাত্র দিমিত্রি পেসকভ।
তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়োজন হলে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হতে আগ্রহী। তবে ইসরায়েল এখন পর্যন্ত কোনো ধরনের আলোচনায় আগ্রহ দেখায়নি।
অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন আর নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে বিবেচিত নয়।
রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার করেছে। তবে একই সময়ে ইসরায়েলের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। ফলে দুই পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিতে পারছে।
গত শুক্রবার থেকে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাতে শুরু করেছে ইসরায়েল। দেশটির দাবি, তেহরানের পরমাণু অস্ত্র কর্মসূচি ধ্বংস করতেই এই অভিযান। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে এবং এর জবাবে ইসরায়েলের বিভিন্ন সামরিক ও সরকারি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে।
সূত্র: এএফপি