প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৯:২৭ AM

সিরি ‘বি’ রেলিগেশন প্লে-অফের প্রথম লেগে সাম্পদোরিয়ার কাছে ২-০ গোলে হারের পর আরও বড় ধাক্কা খেলো ইতালিয়ান ক্লাব সালেরনিতানা। ক্লাবটি জানিয়েছে, দলের খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে অন্তত ২১ জন খাদ্যে মারাত্মক বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। এই কারণে বাতিল করা হয়েছে অনুশীলন এবং সংশয় দেখা দিয়েছে ফিরতি লেগ ম্যাচ নিয়েও।
মঙ্গলবার (১৬ জুন) ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সাম্পদোরিয়ার মাঠ লুইজি ফেরারিসে খেলা শেষে জেনোয়া থেকে সালের্নোয় ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন দলের সদস্যরা। বিমানবন্দরে পৌঁছানোর পরপরই অ্যাম্বুলেন্সে করে বেশ কয়েকজনকে হাসপাতালে নিতে হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অসুস্থদের মধ্যে ৮ জন মূল স্কোয়াডের খেলোয়াড়। মোট ১৬ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এএফপি জানায়, ম্যাচের আগের রাতে যে হোটেলে দলের সদস্যরা অবস্থান করেছিলেন, সেই হোটেলের খাবারই ছিল বিষক্রিয়ার কারণ। ইতোমধ্যে পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়েছে।
আগামী শুক্রবার (২০ জুন) ফিরতি লেগে সাম্পদোরিয়ার বিপক্ষে মাঠে নামার কথা ছিল সালেরনিতানার। তবে ক্লাবটি ইতোমধ্যে ম্যাচটি পেছানোর অনুরোধ করেছে।
বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি আমাদের খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। মৌসুমের শেষ মুহূর্তগুলো যাতে ন্যায্য ও নিরাপদভাবে হয়, তা নিশ্চিত করতে ম্যাচটি পুনঃনির্ধারণ করা জরুরি।
উল্লেখ্য, সাম্পদোরিয়া তাদের ৭৮ বছরের ইতিহাসে প্রথমবার সিরি ‘সি’-তে অবনমন করেছিল। তবে ব্রেসিয়ার পয়েন্ট কেটে নেওয়ায় তারা প্লে-অফ খেলার সুযোগ পায় এবং বর্তমানে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটিতে জয়ের মাধ্যমে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম