প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৮:৪০ পিএম

তিন নদীর মোহনায় নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ। পাখির কলরব, সবুজ মাঠ, আর পাশে বয়ে চলেছে বড়াল নদী। এমন পরিবেশেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পরিবেশ যেন বিনষ্ট না হয়—এই বার্তাই দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১৬ জুন) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বহলবাড়ি এলাকায় প্রস্তাবিত ক্যাম্পাস এলাকা পরিদর্শনে এসে তিনি বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী ক্যাম্পাস জরুরি। একনেকে প্রকল্প তোলা হয়েছে, এ বিষয়ে কারও দ্বিমত নেই। এখন দেখার বিষয়, এই স্থানটি কতটা পরিবেশবান্ধব ও উপযোগী।’
৫১৯ কোটি টাকার প্রকল্প একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় আছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ অর্থ বেশি না কম তা নিয়ে এখনই ভাবনার কিছু নেই। কাজ শুরু হলে প্রয়োজনে বরাদ্দ বাড়ানো সম্ভব।’ তবে চলনবিল অধ্যুষিত এই এলাকায় বড়াল নদী, আশপাশের জমি ও গোচারণভূমি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকেও নজর রাখার আহ্বান জানান তিনি।
এর আগে সকালে উপদেষ্টা ঢাকা থেকে এসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পৌঁছান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. হাসান তালুকদার, উপ-উপাচার্য অধ্যাপক সুমন কান্তি বড়ুয়া ও কোষাধ্যক্ষ অধ্যাপক ফিরোজ আহমদ তাঁকে স্বাগত জানান। অডিটোরিয়ামে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
পরে তিনি বাঘাবাড়ি ঘাট থেকে নৌপথে বড়াল নদী পার হয়ে প্রস্তাবিত ক্যাম্পাস এলাকায় যান। সেখানকার জমি ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। করেন বৃক্ষরোপণ। শেষে এক আলোচনা সভায় অংশ নেন।
এই পরিদর্শন সফরে উপদেষ্টার সঙ্গে ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম। স্থানীয় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
স্বদেশ প্রতিদিন/কেএইচ