প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৭:৫৫ পিএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে গর্তের পানিতে পড়ে শারাফাত হোসেন রিফাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রিফাত ওই গ্রামের প্রবাসী মো. সেলিম ও জাহেদা আক্তারের তৃতীয় ছেলে।
নিহতের মামা এমদাদ হোসেন জানান, বাড়ির পাশে একটি ছোট গর্ত থেকে মাটি তুলে ঘরের নির্মাণকাজ করা হয়েছিল। বৃষ্টির পানিতে গর্তটি ভর্তি হয়ে যায়। রিফাতের মা ঘরের কাজে ব্যস্ত থাকার সময় শিশুটি খেলার ছলে গর্তে পড়ে যায়। কিছুক্ষণ পর খোঁজাখুঁজির একপর্যায়ে গর্তের পানিতে শিশুটির নিথর দেহ ভাসতে দেখা যায়।
পরিবারের সদস্যরা দ্রুত রিফাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাকি বণিক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির প্রাঙ্গণে খেলার সময় গর্তে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত কষ্টদায়ক।
স্বদেশ প্রতিদিন/কেএইচ